Thursday, January 29, 2026

বইমেলা

একটার পর একটা সিগারেট জ্বলতে থাকে
বেআইনি কিছু আফসোস বইমেলার মাঠে
ধুলোর পাহাড় থেকে কুড়িয়ে নি জ্ঞানের শব্দকোষ
নতুন পাতার গন্ধ, নতুন ভবিষ্যত
হঠাৎ ক্লান্ত লাগে ভীষণ 
হঠাৎ বইয়ের পাতাগুলো জ্বলতে থাকে 
আগুন দামে। 
.
হিরোশিমা থেকে এগিয়ে আসে জ্বলন্ত রোগ
তুমি মুখ ফিরিয়ে নেও
সমুদ্র শাসন করার দক্ষতা নিয়ে তুমি গৃহস্থ
আমি নিতান্ত সাধারণ, 
বুকের বাদিকে হৃদপিন্ডে
লেগে থাকা রোগ, ক্লান্ত হয়ে যাই বারংবার  
ফিরে আসি কিছু কবিতার পাতা বুকে নিয়ে 
শুধুই তোমার কাছে। 
.
খিদে পায় অকারণ 
খেতে গেলে খাওয়া ফুরিয়ে যায় 
গত বইমেলায় যখন আমি মিথ্যে হয়ে গেছি
পুঁতে এসেছি নিজেকে পুরনো অভ্যাসে
কিছু কথা, কিছু প্রতিশ্রুতি। 
একটার পর একটা সিগারেট জ্বলতে থাকে
বেআইনি কিছু আফসোস বইমেলার মাঠে
কবিতার শব্দে তুমি সত্যি হয়ে বাঁচো
আর কবিতার শহরে তুমি শরীর হয়ে যাও
তারপর সাধারণ কিছু গুলিগোলা,বোমা বর্ষন 
তুমি ফুরিয়ে যাও বইমেলা,
আমি ক্লান্ত বিকেল টেনে ফিরে আসি নিজের কাছে
তারপর আবার সেই পুরনো গল্প
বইমেলা গেছিলাম 
কিন্তু কবিতা আর যুদ্ধ দুজনেই বর্তমান। 
.
বইমেলা
... ঋষি 

Tuesday, January 27, 2026

মানুষ ফুরোয়

অনবদ্যতা আহরণ করে চলেছি 
করে চলেছি নিজের ভিতর নিজেকেই ঘৃণা ক্রমশ 
সারা পৃথিবী চায়ের কাপের অপেক্ষা করে 
তখন আমার কফি কাপে আমি একা 
এ যেন স্মরণীয় প্রেম নিজের ভিতর। 
.
শক্তি বাবু যখন অন্ধকার ,অন্ধকার বলে চিৎকার করেছেন 
তখনও এই শহরের সরণীগুলোতে আলোর বৃষ্টি ছিল 
প্রেম ফুরোয় না বলে 
মাছের শরীরের প্রেম ধান সিঁড়ি পেরিয়ে শুধু কবিতাতে 
তখনও কি জীবনানন্দ জানতো 
প্রেম ফুরোয় না 
মানুষ ফুরোয়। 
.
কর্তব্য দায়িত্ব নিষ্ঠা এক কথায় ওয়াডকলারের শহরবাসী প্রত্যেকে 
নিজের ছায়ার সাথে নিজেরাই সন্ধি করে 
বন্দি করে নিজেকে অদৃশ্য এক মায়ায় 
অনবরত মৃত্যুতে। 
আমি মৃত্যুর কবিতা লিখবো না 
আজ শুধু কলমের নিবে কলঙ্কিত ভালোবাসা লেখা হোক। 
.
মানুষ ফুরোয় 
... ঋষি

ব্যক্তিগত

ক্রমশঃ পিছিয়ে যাচ্ছে টুকরো টুকরো বাঁক বাঁক পেরিয়ে ইদানীং  দেখার কিছু পরিবর্তন হয়েছে ডাইমেনশনে ভেঙে যাচ্ছে সময় রাত হলেই ইদানীং দরজায় ডোরবেল ব...