Sunday, May 11, 2025

কবিতা লিখছি

অদ্ভুত এক কবিতার দৃষ্টিতে তাকিয়ে আছি 
দেখছি একটা রক্ত মাংসের কবিতা নিজেকে মিথ্যে বলছে রোজ 
দেখছি পাশ কাটিয়ে রোজ সে  এগিয়ে চলেছে তাদেরই পাশে 
যারা তাকে মিথ্যে বলছে, তার সাথে মিথ্যে বাঁচছে । 
তবে সবচেয়ে আশ্চর্য হলো এই মুহূর্তে আমাদের সকলেরই ক্যাপশনের জীবন 
আর আমরা লাইন ধরে সকলেই প্রমান করতে ব্যস্ত বেঁচে আছি।  
.
কবিতার দৃষ্টিতে দেখি বাসের সিটে বসা মধ্যদুপুরের একলা শব্দগুলো 
গড়িয়ে নামছে ঘাম ,গড়াচ্ছে জীবন অন্ধকারের প্রতি 
স্ক্রল করা জীবন কেন যে ইদানিং রাশিচক্রের উত্তরণ চাইছে 
উত্তরণ চাইছে মৃত্যু বারংবার উচ্চারিত স্বেচ্ছারিতার শেষ লাইনে। 
অথচ সকলে আমরা দিব্বি আছি ভণিতায় 
চোখ খুলছি ,চোখ  বন্ধ করছি 
মিডিয়ায়  পোষ্টাচ্চি রবিঠাকুরের বহু প্রচলিত লাইন 
প্রমান করছি নিজেকে আমরা জানি 
সব জানি 
শুধু নিজেকে ছাড়া। 
.
অদ্ভুত এক কবিতার দৃষ্টিতে তাকিয়ে আছি 
বুঝতে পারছি আজ অবধি সমস্ত কবিদের সমস্ত কবিতারা শুধুই স্বপ্ন 
তাই তো তোমাকে ভালো রাখতে পারছি না 
তাই তো মিথ্যে এই  বলা ,তাইতো মিথ্যে চুমু ,মিথ্যে বিপ্লব ,
আসলে সকলেই  মিথ্যের কাঁধে মাথা রেখে আমরা পাশ কাটাচ্ছি 
কেউ কবিতায় লিখছি ,কেউ শুধু কবিতা লিখছি।  

কবিতা লিখছি 
... ঋষি

No comments:

Post a Comment

খাঁচা

 লাস্ট কল এই হল ... পাশে এসে যে বসল ও মানে আমার চেনা অচেনা মানুষটা  উড়োজাহাজ ছাড়বার আগের মুহূর্তে যেমন কোলাহল , সাত ,আট বছর হবে  কার গলায় যে...