Sunday, July 19, 2026

শুঁয়োপোকা

 রিংটোনে যা বাজে 

তা আসলে মাথার ভিতর শুঁয়োপোকার লিখে চলা কবিতা 

শুনলাম, বেশ কিছু জোঁক নাকি আবেদন জানিয়েছে

প্রজাপতি হতে চেয়ে

ওদের আবেদনপত্রগুলো ছড়িয়ে পড়ছে

শুঁয়োপোকাদের অবশ্য এ সব নিয়ে মাথা ব্যাথা নেই। 

.

এদিকে এ আই বিশ্লেষণে ধরা পড়েছে,

ময়ূরের নাচার  সঙ্গে বর্ষার কোনো বৃষ্টির কোনো সম্পর্ক নেই 

ওটা নেহাতই শেয়ার বাজারকে প্রভাবিত করার একটা চাল।

প্রশাসন থেকে জানানো হয়েছে যে

শুঁয়োপোকাদের প্রতিবাদ মিছিল করার

কোনো মৌলিক অধিকার নেই,

তাই এক ডালে পাঁচটির বেশি শুঁয়োপোকা থাকলে

সেটা বেআইনি বলে গণ্য হবে।

.

সূত্রের খবর অনুযায়ী,

রিংটোন থেকে ইদানিং শুয়োপোকাগুলো বেড়িয়ে পড়ছে মানুষের 

তাই গাছের সংখ্যা কমে যাচ্ছে ক্রমশ 

বাড়ছে মানুষের গায়ে মানুষের জন্য চুলকানি 

সাবধানে থাকতে হবে 

তাই সেটি খুব দ্রুত বাতিল করা হতে পারে।

দাবি উঠছে সংবিধানে লেখা হোক শুঁয়োপোকার নীতি। 

.

এ দিকে ক্রমশ আমার রিংটোন বাজছে 

মাথার ভিতর কে বোঝাতে চাইছে অপেক্ষা 

অথচ কবিতার শব্দগুলো শুঁয়োপোকার মতো ক্রমশ এগোচ্ছে 

তবে কি প্রতিমুহূর্তে এখন শুধু প্রজাপতি খোঁজা। 


.

শুঁয়োপোকা

ঋষি 


কল্পকের কল্পনা

 


কল্পককে আপনারা চেনেন 

আরে আমার বান্ধবীর কলমে জন্মানো লোকটা 

কল্পককে ওর ছেলে প্রায় ঠেঙায় 

নেশা করার টাকা সে বাবার কাছে পায় না বলে 

ওর হলুদ কালো স্ট্রাইপ দেওয়া সুতির পাঞ্জাবির পকেট ফুটো 

ঘাবড়াবেন না 

পকেটে টাকা না থাকলে পকেট ফুটো বলে লোকে। 

.

 হাউজিংয়ের রবীন্দ্র-নজরুল সন্ধ্যায় কল্পক চিফ গেস্ট 

কি পড়বে ,কি পড়বে 

পাঞ্জাবিটা কল্পনা কিনে দিয়েছিল ,

কল্পনা কে ?

আরে আমার কলমে তৈরী কল্পকের স্ত্রীর নাম । 

কল্পনা মরে গেছে দুবছর হল

সেবার ছেলেকে রি-হ্যাব থেকে নিয়ে এসে দেখেছিল,

কল্পনা আর নেই ।

.

প্রশ্ন করবেন নিশ্চয় কল্পনাকে মারলাম কেন 

আসলে নিজের ভিতর মাঝে মাঝে বড্ডো জিঘাংসা কাজ করে 

কল্পনা যেদিন মরে গেলো সেদিনও এই পাঞ্জাবিটা পরেছিল কল্পক 

সেই থেকে আজ অবধি পরে আছে। 

দিনে দিনে পাঞ্জাবিটা আরো উজ্জ্বল হয়ে উঠছে 

কিন্তু পাঞ্জাবির পকেটটা ফুটো 

কি আপনারা হাসছেন ,জানি আমার বান্ধবীও হাসছে 

কিন্তু কেউ বুঝতে পারছেনা আমার বান্ধবী ছাড়া 

পাঞ্জাবিটা আসলে কল্পকের বুকের কাছে ভাঁজ করে রাখা ডানা

একদিন কল্পক ঠিক  ওই ডানা মেলে উড়ে যাবে 

ছেলেটা পাগল হয়ে যাবে 

কিন্তু কল্পক 

উড়বে 

উড়বে 

        আকাশের কল্পনায়। 


কল্পকের কল্পনা 

... ঋষি

শুঁয়োপোকা

 রিংটোনে যা বাজে  তা আসলে মাথার ভিতর শুঁয়োপোকার লিখে চলা কবিতা  শুনলাম, বেশ কিছু জোঁক নাকি আবেদন জানিয়েছে প্রজাপতি হতে চেয়ে ওদের আবেদনপত্রগু...