Wednesday, April 29, 2026

বৃষ্টি ও তুমি



বৃষ্টি হলেই এ এক অদ্ভুত 

কেন যে পৃথিবীর সমস্ত কবিতারা এসে জমা হয় শহরের জমা জলে ,

জাগতিক ভাবনাগুলিকে পলিময় নদীতে ফেলে দিলেই মনে হয় তোমার কথা। 

সেই পেয়ারা গাছ, অশ্বত্থামা হত অথবা কুয়োর উপর পেতে রাখা মশারি

কেন যে হঠাৎ বৃষ্টিতে ভিজে ওঠে স্মৃতিগুলো 

স্বপ্নময় হয়ে ওঠো তুমি। 

.

 মনে পড়ে  তোমার কথা

তোমার স্পর্শগুলো ছুঁয়ে যায় কবিতা থেকে কলমের শব্দে 

শ্যামবাজার থেকে গড়িয়াহাট হয়ে রবীন্দ্রসদন মেট্রোর  সিঁড়িতে 

কাগজের ঠোঙায় বাদাম ,ফুটপাতে এক কাপ চায়ে , 

খুব অনাহুত এক বৃষ্টির সন্ধ্যায় গড়ের মাঠের ঘাসে 

আমি খুঁজে পাই তোমাকে ,আমাকে 

এক অনবদ্য কবিতায়। 

.

কিছুই তো হলো না আমাদের 

সেই সব ভাবনার মাঝে স্বপ্নের মতো তুমি 

 এক নিঃশ্বাসে সরোবরের নীচ থেকে তুলে আনা প্রবাল

এক স্মৃতির দৌড়ে পৌঁছে যাওয়া কাশবন,

অথবা ধুনী জ্বালিয়ে বসে থাকা সাধুর গল্প শুনতে শুনতে বিবাগী।  

কি যে হয় বৃষ্টি এলে ?

উথালপাথাল ক্লিন্ন শহরের উপকণ্ঠে এক প্রাচীন কবিতা 

তোমার কি  এমন হয় ?

তুমি সরীসৃপের মতো নির্মোক উন্মোচন করে বারবার জিতেন্দ্রিয় হয়ে ওঠো 

আমি কবিতার শব্দে বিভোর এক রাত্রি 

এক বুক শহরের রাস্তায় তোমার সাথে ভিজি 

ভেজে আমার কবিতারা  

বুকের শূন্যতায় একমুঠো বৃষ্টির জল ছটফট করে। 

.

বৃষ্টি ও তুমি

.... ঋষি 


 

Wednesday, April 15, 2026

শুভেচ্ছাবার্তা

বছরের প্রথম দিনে তোমার স্বপ্নে 
তোমার ঘুমের ভিতর এই প্রথম  আমি ছিলাম না 
ছিল এক সোনালী পরিকল্পনার সংসার ,ছিল ঠাকুরঘর ,
ছিল তোমার আঙিনায় ভরা নতুন সোনালী ধান  
শুধু এই প্রথমবার একমাত্র আমি ছিলাম না ।  
.
বিশ্বাস করো তোমার এই ভালো থাকায় 
আমার আর দুঃখ নেই 
বিশ্বাস করো তোমার এই সরতে থাকায় 
আমার দুঃখ নেই 
দুঃখ শুধু কবিতার শব্দে সময়ের দলিলে হারানো দিনের
দুঃখ শুধু বদলানো কবিতার পাতায় বানান ভূলের।
আজ তোমার রান্না ঘরে হাঁড়িতে আগামীর স্বপ্ন 
তোমার কড়াতে আজ নতুনের রান্নার নিমন্ত্রণ  
এতেও আমার দুঃখ হওয়ার কিছু নেই 
কারণ দুঃখ একটা শব্দ 
বড্ড অবহেলার।
.
জানি এই কবিতার কখনো সূর্য উঠবে না
জানি এই কবিতা কখনো কেউ ছাপবে না কোনো পত্রিকায় 
তবুও এই কবিতা শুভেচ্ছাবার্তার 
তোমার নতুন জন্মের ,তোমার ভালো থাকার 
এক নতুন তোমাকে আবিষ্কারের ।
.
তা 
ই 
তো
      জানানো 
ভালো থেকো তুমি,ভালো থাকুক তোমার আপনজন 
ভালো থাকুক এই পৃথিবীর সমস্ত পাখি, নদী, ফুল 
শুধু একটা কথা ভুলো না যেন 
আমার মৃত্যুর স্মরণ যাত্রায় তুমি একটু সময় করে 
এসো কিন্তু 
না হলে যে মরেও যে আমি দুঃখী হবো ।
.
শুভেচ্ছাবার্তা 
... ঋষি 

ঈশ্বর এবং আমার মৃত মুখগুলো

ঈশ্বরের সাথে বসেছিলাম চায়ের টেবিলে  হঠাৎ দেখলাম উল্টোদিকের চেয়ারটা ফাঁকা  হঠাৎ শুনলাম হাসির শব্দ ,তারপর অনুভব করলাম বুকে ব্যাথা  তারপর দেখতে...